আফগানিস্তানের প্রতি পাকিস্তানের নীতিকে অযৌক্তিক ও ব্যর্থ বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আলোচনা ও উত্তেজনা নিরসন চায়, কিন্তু পাকিস্তান এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আরিয়ানা নিউজের একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাওলানা মুত্তাকী আফগান ভূখণ্ড থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) পরিচালিত হওয়ার বিষয়ে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে আফগানিস্তানের প্রতি পাকিস্তানের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
মাওলানা মুত্তাকী বলেন, আমি মনে করি আফগানিস্তানের প্রতি পাকিস্তানের নীতি সফল হয়নি। এটি একটি ব্যর্থ নীতি। আফগানিস্তানের ইতিহাস দেখিয়েছে, শক্তি প্রয়োগ করে কেউ কখনো এ দেশের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারেনি। আফগানরা কখনো চাপের কাছে মাথা নত করেনি। তারা জীবন উৎসর্গ করেছে, কিন্তু কখনো আত্মসমর্পণ করেনি। অতীতে আক্রমণকারীরা যে নীতি অনুসরণ করেছিল তা ব্যর্থ হয়েছে। এ ধরনের নীতি পুনরায় অনুসরণ করা উচিত নয়।
গত পাঁচ বছরে ইমারাতে ইসলামিয়ার কূটনৈতিক অর্জন তুলে ধরে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক বিস্তৃত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ইমারাতে ইসলামিয়ার ৪০টিরও বেশি কূটনৈতিক মিশন রয়েছে, যার মধ্যে দূতাবাস ও কনস্যুলেট অন্তর্ভুক্ত।
আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে মাওলানা মুত্তাকী বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ক্ষমতায় আসার পর আমেরিকার কর্মকাণ্ড তাদের জন্য গুরুতর কোনো সমস্যা সৃষ্টি করেনি।
তিনি আরও বলেন, ২০ বছরের যুদ্ধ ছিল অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। বিশ্ব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিপ্লব ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারগুলো স্বাভাবিকভাবেই নানা বাধার মুখে পড়ে। তবে আমেরিকা এমন কোনো পদক্ষেপ নেয়নি, যা আমাদের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করেছে। আমরাও ইতিবাচক অবস্থান প্রকাশ করেছি এবং ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই।
আমেরিকার সেনাদের রেখে যাওয়া সামরিক সরঞ্জাম এখন আফগানিস্তানের সম্পদ বলে উল্লেখ করেন মুত্তাকী। তিনি বলেন, এসব সরঞ্জাম দেশের প্রতিরক্ষায় ব্যবহার করা হচ্ছে।
নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নারীদের শিক্ষা কোনো অপরাধ নয়। তবে মন্ত্রিসভায় নারীদের অনুপস্থিতি সরকারের নীতির অংশ।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি সরকারের নীতিগত বিষয় এবং সরকার কীভাবে নিজেদের পরিচালনা করবে, সেই সিদ্ধান্তের বিষয়। এর অর্থ এই নয় যে নারীদের কণ্ঠ শোনা হচ্ছে না কিংবা তাদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার দরজা সবার জন্য খোলা রয়েছে। তাদের ঘোষিত সাধারণ ক্ষমা এখনো কার্যকর রয়েছে এবং পুরো দেশ তাদের নিয়ন্ত্রণে।
সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, এসব গোষ্ঠীর কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ। আফগান ভূখণ্ডে কোনো গোষ্ঠীরই বাস্তব উপস্থিতি নেই।
আফগানিস্তানে দায়েশের উপস্থিতি নিয়ে তাজিকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক দেশের উদ্বেগও প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বলেন, এ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে হলে পুরো অঞ্চলের দেশগুলোর আন্তরিক ও যৌথ প্রচেষ্টা প্রয়োজন।
সূত্র : আরিয়ানা নিউজ











