গাজ্জার একটি ক্লিনিকে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর দুই কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, নিহত দুজন হামাসের সদস্য ছিলেন।
দখলদার ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) নিহত দুই ব্যক্তিকে হামাসের সদস্য হিসেবে দাবি করেছে। তাদের একজন হামাসের আর্টিলারি সেল কমান্ডার মোয়াজ ইউসুফ আলিতসবাখ এবং অপরজন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলী আবু বলে দাবি করেছে বাহিনীটি।
এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে এমএসএফ। সংস্থাটি এ ঘটনাকে তাদের প্রতিষ্ঠানের ওপর সরাসরি হামলা বলে নিন্দা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমএসএফ লিখেছে, “আমাদের স্থাপনাগুলোতে স্পষ্টভাবে এমএসএফের লোগো চিহ্নিত ছিল। এসব স্থাপনার অবস্থান ইসরাইলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল এবং তারা তা জানত।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুসও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, গাজ্জায় স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলা নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইসরাইলি সেনাবাহিনী কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করার কিংবা চিকিৎসা অবকাঠামোর ক্ষতি করার অভিযোগ অস্বীকার করেছে। তবে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজ্জায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে দখলদার অবৈধ ইসরাইলি সামরিক বাহিনী।
হামাসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে দখলদার অবৈধ ইসরাইলের ধারাবাহিক হামলার মধ্যেই সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল। বুধবার গাজ্জার উত্তরাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ও কর্নেল মোহাম্মদ আবুয়েলুফকে গাজ্জা সিটির বিচ শরণার্থী শিবিরে তার অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় হত্যা করা হয়। এ হামলায় তার স্ত্রী ও দুই মেয়েও নিহত হন।
গত ২৪ নভেম্বর দখলদার অবৈধ ইসরাইলি বিমান হামলায় গাজ্জায় অন্তত তিনজন নিহত হন। নিহতদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কর্মী আদেল আল-হেলোও ছিলেন। সংস্থাটি এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পানির কূপের কাছে কাজ করার সময় হামলার শিকার হন আল-হেলো। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, তাদের কর্মীরা ওই কূপের পরিচালনা-সংক্রান্ত নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ হামলায় আরও তিনজন আহত হন বলে জানিয়েছে সংস্থাটি।
একই দিন পরবর্তী সময়ে গাজ্জা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। চিকিৎসাকর্মীরা জানান, ওই হামলায় দুজন নিহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা, দুনিয়া নিউজ











