আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইআরডাব্লিউ ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী সরকার’ উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে আমেরিকা।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, এইচআরডাব্লিউ তার প্রতিবেদনে ইসরাইলকে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণ ও তাদের প্রতি নির্যাতনের অপরাধে দায়ী করেছে। তবে মৌলিকভাবে ‘বর্ণবিদ্বেষী’ পরিভাষাটি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না।
জেন সাকি বলেন, আমেরিকা প্রতি বছর মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু এসব প্রতিবেদনে কখনো এরকম পরিভাষা ব্যবহার করা হয় না।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) ১২৩ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী’ সরকার আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটি বলছে, ইসরাইলি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছেন। কাজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উচিত তাদের বিচার করা।












