শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শিল্প মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ও সাবধানতা অবলম্বন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোন অজুহাত দিয়ে প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে না। করোনাকালীন এই লকডাউনে ভার্চুয়ালি সভা করে প্রকল্পের কাজের তদারকি বাড়াতে হবে। চলতি বছরের জুনের মধ্যে নির্ধারিত প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোনভাবেই প্রকল্পের সময় বাড়ানো হবে না।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চলতি ২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, প্রকল্পে যেখানে ধীরগতি রয়েছে, সেখানে গতি আনতে হবে। এক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকার করোনাকালীন সময়ে স্বাস্থ্য ও কৃষিখাতের মতো শিল্পখাতকেও অগ্রাধিকারের তালিকায় রেখেছে, তাই আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এ খাতের অগ্রগতি ধরে রাখতে হবে।
সভায় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৮ টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪৪টি বিনিয়োগ, তিনটি কারিগরি সহায়তা এবং একটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ছিল ৩ হাজার ৮৪২ কোটি ৫৫ লাখ টাকা।











