বেনাপোল দিয়ে ভারত থেকে আসা প্রায় ৪শ বাংলাদেশি পাসপোর্টধারীকে এবার যশোরের বিভিন্ন হোটেলেই ঈদ উদযাপন করতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির অংশ হিসাবে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে হোটেলগুলোতে অবস্থান করছেন।
যশোরের জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ১ মে এবং পরবর্তীতে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরা বাংলাদেশিদের ঈদের দিন হোটেলেই থাকতে হবে। আর ৩০ এপ্রিল দেশে ফেরত আসাদের কোয়ারেন্টিন শেষ হবে সম্ভাব্য ঈদের দিন (১৪ মে)। এখন পর্যন্ত আসা যাত্রীদের হিসাবে ঈদের দিন হোটেলেই থাকতে হচ্ছে ৩৯১ জনকে। আর ঈদের দিন ছুটি মিলছে ১০১ জনের। ঈদ একদিন আগে হলে (চাঁদ দেখা সাপেক্ষে ১৩ মে) এদেরও হোটেলেই হবে ঈদ।
যশোরের জেলা প্রশাসনের তথ্যমতে, গত ১৫ দিনে (২৬ এপ্রিল থেকে ১০ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে দুই হাজার ৬৯৯ বাংলাদেশি পাসপোর্টধারী। এদের মধ্যে যশোর জেলায় অবস্থান করছে এক হাজার ১৮১ জন। যশোর শহরের বিভিন্ন হোটেলে ৪৬৭, বেনাপোলে হোটেলে ৪৩৮, গাজীরদরগায় ১৪০, যশোর বক্ষব্যাধি হাসপাতালে ১০১, অন্যান্য ক্লিনিকে তিন ও যশোর জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে পজিটিভ ১৩ জনসহ ৩২ জনকে রাখা হয়েছে। ভারতফেরত রোগীদের কোয়ারেন্টিনে রাখার জন্য যশোর জেলায় ২৯টি হোটেল রিক্যুইজিশন করেছে জেলা প্রশাসন।











