ফিলিস্তিনে ইসরাইলিদের বর্বরতার প্রতিবাদে ফুঁসছে বিশ্বের শান্তিপ্রিয় মানুষজন। কিন্তু এর মধ্যেও ইসরাইলকেই সমর্থন করছে ভারতীয়রা।
গত দু’দিন ধরে টুইটারে ট্রেন্ডিং দেখা যাচ্ছে ‘ভারত উইথ ইসরাইল ইরফান’ (ভারত ইসরাইলের পক্ষে, ইরফান) ও ‘ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইসরায়েল’ হ্যাশট্যাগ।
টুইটারট্রেন্ডস নামে একটি ওয়েবসাইটের হিসাবে, বুধবার দেশটিতে টুইটার ট্রেন্ডিংয়ে যথাক্রমে দ্বিতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে ইসরাইলকে সমর্থনকারী হ্যাশট্যাগ দুটি।
‘ভারত উইথ ইসরাইল ইরফান’ হ্যাশট্যাগ ব্যবহার করে ভারতে এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি টুইট করা হয়েছে। আর ‘ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইসরাইল হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হয়েছে ১ লাখ ৩২ হাজারেরও বেশি।
এদের মধ্যে অনেকেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি ব্যবহার করে ‘বেস্ট ফ্রেন্ড’, ‘এ দোস্তি নেহি তোড়েঙ্গে’ (এই বন্ধুত্ব ভাঙবে না) জাতীয় কথাবার্তা লিখেছেন।
জানা যায়, ঘটনার শুরু গত বুধবার। এদিন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘আপনার ভেতর যদি বিন্দুমাত্র মানবতা থাকে, তবে কখনোই ফিলিস্তিনে যা হচ্ছে তাতে সমর্থন করবেন না।’ টুইটের শেষে ‘সেভ হিউম্যানিটি’ (মানবতা বাঁচাও) হ্যাশট্যাগ যোগ করেন এ তারকা।
এরপরেই ইরফানের সমালোচনায় হুমড়ি খেয়ে পড়ে একশ্রেণির মানুষ। তারা ইসরাইলের পক্ষ নিয়ে পাল্টা ‘ভারত উইথ ইসরাইল ইরফান’ হ্যাশট্যাগ চালু করেন। আর দেখতে দেখতেই সেটি গোটা ভারতে ‘টপ টু’ ট্রেন্ডিংয়ে পরিণত হয়।












