অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে।
সোমবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে পদায়নের তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগ্ম কমিশনার হিসেবে হারুন-অর-রশিদ উত্তর গোয়েন্দা বিভাগের (তেজগাঁও গুলশান মিরপুর উত্তরা এলাকা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।
এর আগে চলতি বছরের (২ মে) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে থাকা হারুন-অর-রশিদ।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন-অর-রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন এবং ১১ মাস দায়িত্ব পালন করেন।
এর আগে এসপি হারুনকে ২০১৪ সালের ২৪ আগস্ট গাজীপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৮ সালের ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুর থেকে ডিএমপিতে বদলি করা হয়েছিল।
২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন-অর-রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে।
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলের হরতাল চলাকালে বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুককে সংসদ ভবন এলাকায় পিটিয়ে আলোচনায় আসেন তৎকালীন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করা হারুন-অর-রশিদ।











