বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে।
শনিবার (২৯ মে) রাতে বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ১৯৮১ সালের ৩০ মে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিলো, তারা ছিল বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু, বাংলাদেশের যে উত্থান হয়েছিলো, সেই উত্থানের শত্রু। তারাই ১/১১ থেকে সক্রিয় হয়ে উঠে আবার বাংলাদেশকে ওই একই জায়গায় নিয়ে যেতে চায়। তারা বাংলাদেশের যে আইডেনটিটি, সেটি ধ্বংস করতে চায়।
ফখরুল আরও বলেন, দেশের শত্রুরা মনে করেছিলো যে, বিএনপি শেষ। জিয়াউর রহমানের পর থেকে এ বিএনপি থাকবে না। বিএনপির রাজনীতি তো হচ্ছে এ দেশের মানুষের রাজনীতি, মাটির রাজনীতি। এটা বিএনপি ধারণ করে এবং সবসময় বিএনপি সেই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং চতুর্দিকে আবার বিস্তার লাভ করেছে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপরে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য রাখেন।











