জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার (২ জুন) বিকেল ৫টায় বাজেট অধিবেশন শুরু হবে। চলতি সংসদের সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর আজকের অধিবেশন মুলতবি করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় বাজেট প্রস্তাব ও অর্থ বিল উত্থাপন করা হবে।
জানা যায়, দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। ৭ জুন সোমবার সম্পূরক বাজেট পাসের পর অধিবেশন আবারও মূলতবি করা হবে। টানা ৬দিন বিরতি দিয়ে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪ জুন শুরু হয়ে চলবে ১৫, ১৬, ১৭ ও ২৮ জুন। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।
পহেলা জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।
সংসদে বাজেট পেশের আগে ওইদিন বেলা ১২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভা অনুমোদনের পর অর্থ বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।











