করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কোভিড-১৯ সংক্রমণের কারণে নিষেধাজ্ঞা রয়েছে এমন কয়েকটি দেশ বাদ দিয়ে নতুন কয়েকটি দেশ যুক্ত করে ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুন) এ বিষয়ে বেবিচকের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সংক্রমণ রোধে যে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেসব দেশ হচ্ছে,আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাভুক্ত ১১ দেশ ‘গ্রুপ-এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে, এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এসব দেশে কেউ যেতেও পারবে না। তবে দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বা সফরকারীরা সংশ্লিষ্ট দেশের যথাযথ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আসতে পারবে। সে ক্ষেত্রে তাদের বাংলাদেশে এসে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।











