ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, পরিবেশ নিয়ে চৌদ্দশ বছর আগেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা না মানার কারণে আজকে বিশ্বব্যাপী বিপর্যয় নেমে এসেছে।
শুক্রবার (৪ জুন) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস’২১ উপলক্ষে ইসলামী যুব আন্দোলন আয়োজিত “পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, বর্তমান পৃথিবীজুড়ে একটি আন্দোলন চলছে কিভাবে পরিবেশ দূষণ থেকে পৃথিবী নামক গ্রহকে রক্ষা করা যায়। কিন্তু বর্তমান পৃথিবীর যে দুরাবস্থা তার সবই আমাদের হাতের কামাই। মানবসৃষ্ট পরিবেশ দূষণ থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে সর্বস্তরে সচেতনা বৃদ্ধি ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও আইন সম্পাদক এম. হাছিবুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সম্পাদক প্রভাষক ইমতিয়াজ আহমেদ সজল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফুল আলম, সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী প্রমূখ।











