তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু অনেক আগেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন।
তিনি বলেন, পাকিস্তান সৃষ্টির পরপরই যখন বঙ্গবন্ধু অনুভব করলেন এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির কোনদিন মুক্তি আসবে না, তখনই তিনি এই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন।
সোমবার (৭ জুন) ছয়দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য আজ স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা এখনও এদেশে রাজনীতি করে। আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতাবিরোধীদের সাথে নিয়েই রাজনীতি করে, তাদের দলেও স্থান দেয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, কোনো দেশে স্বাধীনতার ৫০ বছর পর, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতি করতে পারে না। আমাদের দেশে রাজনীতি এমন হওয়া উচিত যেখানে সরকারি ও বিরোধী দল উভয়ই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।











