জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, অটোপাশ আর অটোপ্রমোশন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে।
শুক্রবার (১৮ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, করোনার কারণে এক বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ হাট-বাজার, অফিস-আদালত, ব্যাংক-বিমা সবই খুলে দেওয়া হয়েছে, সব কিছুই স্বাভাবিক ভাবে চলছে। কিন্তু করোনার দোহাই দিয়ে বর্ধিত করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।
তিনি বলেন, অনলাইন শিক্ষা ব্যবস্থার পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়। তবে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য ও সে ব্যবস্থার সুবিধা শুধু উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাছাড়া সেখানে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না। একই সঙ্গে শিক্ষা গ্রহণে ক্ষুদ্র অংশের সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে দেশের অধিকাংশ শিক্ষার্থীদের বৈষম্য সৃষ্টি হচ্ছে।
জিএম কাদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে, শারীরিক ও মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ছে আগামী প্রজন্ম।











