বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়সের কারণে মতিভ্রম ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
রবিবার (২০ জুন) দুপুরে চট্টগ্রম রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জমিসহ ঘরের কবুলিয়তনামা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল অর্জন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। সবাই এখন এ অর্জনের প্রশংসা করছে। কিন্তু বিএনপি’র মহাসচিব অর্জন নিয়ে যে কথা বলছে তাতে মনে হচ্ছে বয়সের কারণে মতিভ্রম ঘটেছে। বিএনপি’র ডাক্তারদের সংগঠন ড্যাবকে অনুরোধ জানাবো মির্জা ফখরুলের মানসিক চিকিৎসা করাতে।
তিনি বলেন, দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বিএনপি এবং তাদের মিত্ররা এ উন্নয়ন দেখতে পায় না।











