তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের সব অর্জন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। যেখানে সবাই প্রশংসা করছে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন। দেশের ৫০ বছরের অর্জন নিয়ে তিনি যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে বয়সের কারণে উনার মতিভ্রম ঘটেছে।
রোববার (২০ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের দুই শতক জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ড. হাছান মাহমুদ।
বিএনপির ডাক্তারদের সংগঠন ‘ড্যাব’কে অনুরোধ জানাব মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করাতে। হাছান মাহমুদ বলেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৪১ শতাংশ ছিল সেখান থেকে ২০ শতাংশে নেমে এসেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্বের পত্রপত্রিকায় লেখা হচ্ছে এক সময়ের ঋণ গ্রহীতার বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দেয়। বিএনপি ও তাদের মিত্ররা এসব উন্নয়ন দেখতে পায় না। প্রতিদিন মিথ্যা কথা অব্যাহত রেখেছে। তাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের শাস্তি।
দেশের ৫০ বছরের অর্জন আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী উপর্যুক্ত কথা বলেন। এর আগে গণভবন থেকে রাঙ্গুনিয়ায় অনলাইনে সংযুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ের দুই শতক জমিসহ আধাপাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।











