দেশের মেগা প্রকল্পে এখন গণলুট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিন বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে। তারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা। এভাবে মেগা প্রকল্পকে তারা টাকা বানানোর প্রজেক্ট হিসাবে তৈরি করে নিয়েছে।
রোববার (২০ জুন) দুপুরে এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।
অনুন্নয়ন খাতে অর্থ বরাদ্দের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আনপ্রডাক্টিভ (অনুন্নয়ন) খাতে টাকা দেওয়া হচ্ছে। এমন এমন কাজ করা হচ্ছে যে কাজগুলোর কোনো দরকারই নেই। স্কুল-মাদ্রাসায় টাকা দিয়েছে বড় গেট তৈরি করতে। কিন্তু এ মুহূর্তে গেট তৈরির চেয়ে ক্লাসরুম তৈরি বেশি দরকার। সেটা তারা করছে না।
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ করে ফখরুল বলেন, স্বাস্থ্য খাতের কি করুণ অবস্থা। এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, যারা স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত- এরা সবাই দুর্নীতিতে জড়িত।
তিনি বলেন, দেশে মানুষের জীবনের কোনো মূল্য নেই, নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই ভয়াবহ সব খুন। আজকের পত্রিকায় (রোববার) দেখলাম মেয়ে বাবা-মা-বোনকে হত্যা করছে। এগুলো হচ্ছে একটা আর্থ সামাজিক অবস্থার প্রতিচ্ছবি। এর কারণ হচ্ছে, আজকে দেশে গণতন্ত্র নেই। যেহেতু গণতন্ত্র নেই, তাই জবাবদিহিতাও নেই। এ অবস্থা থেকে ফিরিয়ে আনার একমাত্র দায়িত্ব আজ বিএনপিরই।











