আসন্ন কুরবানী উপলক্ষে সীমিত পরিসরে হলেও দেশের কওমী মাদরাসাসাগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রবিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কওমী মাদরাসা দীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গরীব, ইয়াতীমসহ দেশের বিশাল দরিদ্র জনগোষ্ঠীকে জ্ঞানের আলোয় আলোকিত করার পাশাপাশি সামাজিক নৈতিক মূল্যবোধে উচ্চমান সম্পন্ন জনগোষ্ঠী তৈরীতে বিশাল ও মহৎ ভূমিকা পালন করে আসছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সামাজিক ও শিক্ষামূলক এই সুবিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সম্পূর্ণ বেসরকারী ও সাধারণ ধর্মপ্রাণ জনগণের সহায়তার উপর নির্ভর করতে হয়। যুগযুগ ধরে মাদরাসাগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস হলো কুরবানীর পশুর চামড়ার বিক্রয়লব্ধ অর্থ। কুরবানীর মৌসুমে মাদরাসাগুলো বন্ধ থাকলে মারাত্মকভাবে অর্থ সংকটে নিপতিত হবে। এমনিতে করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকায় রমজানেও অর্থ সংগ্রহ করতে না পারায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মাদরাসা তাদের কার্যক্রম গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে। মাদরাসাগুলোর সম্পৃক্ত শিক্ষক স্টাফদের বিশাল অংশ বেতন ভাতা ইত্যাদি না পেয়ে ইতিমধ্যেই মানবেতর জীবন যাপন করছে।
দেশের বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়া এবং সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রাখার জাতীয় স্বার্থে সীমিত পরিসর ও সীমিত সময়ের জন্য হলেও কওমী মাদরাসা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।











