জার্মানিতে বন্যার কারণে এখনও ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৮০ জনের।
শুক্রবার (১৬ জুলাই) সিএনএন এবং বিবিসি সূত্রে এসব তথ্য জানা যায়।
সিএনএনের খবরে বলা হয়, শতাব্দীর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জার্মানি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ধারণা করা হচ্ছে— এক হাজার ৩০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানায়, ভারি বৃষ্টির কারণে জার্মানির পশ্চিম এবং দক্ষিণ অংশে পানি দ্রুত শহর ও গ্রামে ঢুকে পড়ে। এ কারণে এসব এলাকার ভবনগুলো ধসে যেতে শুরু করলে আটকে পড়েন অসংখ্য মানুষ।
বিবিসি বলছে, বন্যায় জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। এ ছাড়া ১২ জনের মৃত্যু হয়েছে বেলজিয়ামে। এ ছাড়া লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসও ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়।












