নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা শরনার্থীদের ঈদ উপহার হিসেবে জীবিকা সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৬ জুলাই) সকালে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে এ সমস্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের তালিকায় রয়েছে অন্তত ১৩ রকমের উপকরণ।
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে মাছ ধরার ৮০০ জাল, ১০০টি সেলাই মেশিন, ৫০টি রিকশা ভ্যান, দেশি পাঁচ হাজার হাঁস, দেশি পাঁচ হাজার মুরগি, চুল কাটার ৪৫ সেট সরঞ্জাম, জুতা সেলাইয়ের ২৮ সেট সরঞ্জাম, রিকশা ভ্যান মেরামতের ২৫ সেট সরঞ্জাম, ইলেকট্রিশিয়ানের মেশিনপত্র ৭ সেট, কাঠমিস্ত্রির যন্ত্রপাতি ৫০ সেট, মুদিদোকানের জিনিসপত্র দেওয়া হয় ১০০ জনকে, দেশি ছাগল ১০০টি ও ২০০ জনকে দেওয়া হয় মাছের পোনা।
শরণার্থী বিষয়ক কমিশনের অতিরিক্ত কমিশনার মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন বলেন, যদি এ জিনিসগুলো রোহিঙ্গারা পায়, তবে তাদের জীবিকার ব্যবস্থা হয়। এতে তাদের অনেক উপকার হয়। তাদের খাদ্যের যে যোগান, পুষ্টির যে যোগান, সেগুলো তারা কিনতে পারবে।
গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আট দফায় কক্সবাজার থেকে রোহিঙ্গা শরনার্থীদের ভাসানচরে নেওয়া হয়েছে। এ মুহূর্তে ভাসানচরে ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গা রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ৪ হাজার ৪০৯, নারী ৫ হাজার ৩১৯ ও শিশু ৮ হাজার ৭৯০।











