আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বড় শহরগুলো নিয়ন্ত্রনে নিচ্ছে তালেবান। এরই মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানী ছাড়াও কান্দাহারের মতো বড় শহরে বিজয় পতাকা উড়িয়েছে তালেবান।
ক্রমশ দেশটির রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান। শেষ খবর পাওয়া পর্যন্ত কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে তালেবানরা।
উদ্ভূত পরিস্থিতিতে কাবুল দূতাবাস থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে দেশটিতে সৈন্য পাঠিয়েছে আমেরিকা।
এমতাবস্থায় আফগানিস্তানে সৈন্য পাঠানো নিয়ে ভারতকে কড়া হুশিয়ারি দিয়েছে তালেবান।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিলেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন।
আফগানিস্তানে ভারত যদি নিজেদের উপস্থিতির জানান দেয় তবে তা তাদের জন্যে ভালো হবে না।
এএনআইকে সুহাইল শাহীন বলেন, যদি ওরা (পড়ুন ভারত) আফগানিস্তানে সৈন্য পাঠায় তাহলে তা তাদের জন্য ভালো হবে না। আগে যারা সামরিক শক্তি নিয়ে এখানে এসেছে, তাদের অবস্থা দেখেছে ভারত। সেটা তাদের জন্য খোলা বই।
এদিকে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তালেবানের কোনও বৈঠক হয়েছে কি না, সেই বিষয়ে কিছু বলতে চাননি তালেবানের মুখপাত্র।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, আমাদের স্পষ্ট নীতি হল যে আফগান মাটি ব্যবহার করে কেউ দেশের বিরুদ্ধে কাজ করতে পারবে না। তাছাড়া অন্য কোনও দেশের বিরুদ্ধেও আমাদের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।












