spot_img
spot_img

এরদোগানের সাথে বৈঠকে আগ্রহী তালেবান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে ‘অনুকূল পরিস্থিতিতে’ আফগান সংকট নিয়ে বৈঠকের জন্য তালেবান নেতৃত্ব আগ্রহী বলে জানিয়েছেন আফগানিস্তানের সশস্ত্র দলটির এক মুখপাত্র।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ব্রিটেনভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই কথা জানান তালেবান মুখপাত্র মুহাম্মাদ নাইম।

বিবৃতিতে এরদোগানের প্রতি ইঙ্গিত করে বলা হয়, সকলেই চায় আমাদের নেতার সাথে বৈঠক করতে। অপরদিকে আমরাও তাই চাই তবে তা অনুকূল পরিস্থিতিতে। বর্তমানে দোহায় তুর্কি দূতাবাস ও আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে। সাথে সাথে আমরা সবদেশের সাথেই সম্পর্ক স্থাপনে আগ্রহী।

বিবৃতিতে একইসাথে তিনি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তুরস্কের সংশ্লিষ্টতাকে ইঙ্গিত করে বলেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা সম্পর্কে আমরা তুরস্ককে সরাসরি স্পষ্টভাবে আমাদের কথা জানিয়ে দিয়েছি। সব বিদেশী বাহিনীকে অবশ্যই আমাদের দেশ ছাড়তে হবে।

এর আগে বুধবার সংবাদমাধ্যম সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে এরদোগান জানিয়েছিলেন, আফগানিস্তানের অস্থিতিশীল অবস্থার অবসানে তিনি তালেবান নেতার সাথে সাক্ষাতে প্রস্তুত রয়েছেন।

সূত্র : মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ