শুধুমাত্র জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত বিএনপি একটি সন্ত্রাসবাদী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, কানাডার ফেডারেল কোর্ট এই দলটিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। দলটির নেতা তারেক রহমান একজন সন্ত্রাসী ও খুনি। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু বাঁধ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবনে বসে হয়। তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, খালেদা জিয়ার উপদেষ্টা হারিস চৌধুরীসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করে। এটা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস।
হানিফ আরও বলেন, এ হামলার মাধ্যমে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এ গ্রেনেড হামলার সাথে শুধু তারেক রহমান জড়িত নয়। এর দায় খালেদা জিয়াও এড়াতে পারেন না। কারণ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া।











