spot_img

গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ৪৩ বছর আন্দোলন সংগ্রাম করে আজকে ৪৪ তম বছরে পা রেখেছে। ৪৩ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতিতে মৌলিক কতগুলো অবদান রেখেছে। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রত্যাবর্তন করেছেন। পরবর্তীতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় এসেছে।

তিনি বলেন, জিয়াউর রহমান এদেশের মানুষের বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ছিলেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ছিলেন। অর্থাৎ বহু দলীয় গণতন্ত্রের যে কাঠামো সেই কাঠামো নির্মাণ করেছিলেন। একই সাথে তিনি অর্থনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। তথাকথিত সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে একটি মুক্ত অর্থ বাজার সৃষ্টি করেছেন। অর্থাৎ আজকে বাংলাদেশের যত রকম অর্থনৈতিক উন্নতি হয়েছে তার মূল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের হাত ধরে হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর অনেকে ভেবেছিলো বিএনপি হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু তার যোগ্য উত্তরাধিকারী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতা-সার্বভৌমত্বের পতাকা তুলে ধরেছিলেন। সেই পতাকা নিয়ে তিনি আপোষহীনভাবে দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। দুর্ভাগ্য এই জাতির আজকের সেই নেত্রী ফ্যাসিবাদের নির্যাতনে মিথ্যা মামলায় কারাবন্দী হয়ে আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ