বি. বাড়িয়ার নবীনগর মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য দুই পাড়ে ফেরিঘাটের সাথে বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের মাধ্যমে তৈরি করা হচ্ছে সংযোগ সড়ক। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জেলা সদরে যাতায়াতের জন্য স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের প্রচেষ্টায় মনতলা-সিতারামপুর ফেরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কিছু দিনের মধ্যেই ফেরি চলাচল ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছেন।
এদিকে বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন, নদীর পাড়ে আরসিসি ঢালাই করা যায় না, করাও সম্ভব না। সারাদেশে বিআইডব্লিটিএর যত ফেরিঘাট নির্মাণ করে নদীর পাড়ে তা বালি দিয়ে ডেস দিয়ে এভাবে কাজ করা হয়। মূলত নরম মাটিতে বাঁশগুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মতো কাজ করে। এভাবেই সারাদেশে নদীর পাড়ের ফেরিঘাটের কাজগুলো সম্পন্ন করা হয়।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।












