spot_img

গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ সরকার: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন একটি সরকার। আওয়ামী লীগ জনগণের দ্বারা নির্বাচিত নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। তার মূল উদ্দেশ্য হলো, ১৯৭৫-এ একদলীয় বাকশাল প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় ২০০৮ সাল থেকে সুপরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে নির্বাসিত করে তারা একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করতে সচেষ্ট হয়ে গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত বর্ধিতসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ নেই, তারা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকতে এখন এই সরকার আমলাতন্ত্রকে ব্যবহার করছে এবং আমলালীগ হয়ে গেছে। বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, নির্বাচন কমিশন ও প্রশাসনযন্ত্র, সব সরকারি প্রতিষ্ঠানসহ সব কিছুকেই তারা দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করছে। তারা নিজেদের অস্তিত্বের স্বার্থে তথাকথিত নির্বাচন নির্বাচন খেলা করে এবং গণতন্ত্রের মুখোশ পরে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আজকে যে সংকট চলছে তা শুধু বিএনপির নয়, এই সংকট সারা দেশ ও জাতির।

তিনি বলেন, সরকারের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি থাকলেও তার কোনো জবাবদিহিতা নেই। বিদ্যুৎ খাতে বিনা টেন্ডারে পাওয়ার প্লান্ট চালু হচ্ছে, যেখানে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়ে উল্টো সরকার সেই খাতে ভর্তুকি দিচ্ছে। কারণ সরকারকে কারো কাছে জবাবদিহি করতে হয় না।

মির্জা ফখরুল বলেন, এখন সারা দেশে এক ব্যক্তির পূজা হয়, এক ব্যক্তির ছবি দেখানো হয়, যেখানে এই দেশের স্বাধীনতায় কারো কোনো অবদান নেই। তারই ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটু কথা ও কটূক্তি করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ