আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে। বিএনপি ভালো নেই।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চার লেন ও আট লেন সড়ক, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে। বিএনপি নেতাদের এসব উন্নয়ন সহ্য হয় না বলে তারা প্রলাপ বকছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে লুটপাটের জন্য। যারা নিজেদের নেত্রীর জন্য একটা মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না।
জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন।
সূত্র : বাসস










