বিএনপি দেশের মানুষকে বিভিন্ন মুখরোচক কথাবার্তার মাধ্যমে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি দেশের মানুষকে এখন স্বর্গের স্বপ্ন দেখাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন দেশকে তারা নরক বানিয়ে রেখেছিল। যারা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। এখন তারা নতুনভাবে অনেক রকম মুখরোচক কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের ভয়ংকর শাসনামল সম্পর্কে দেশের মানুষ ভালোভাবেই অবগত আছে।
রবিবার (৩ অক্টোবর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর শাসনামলে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে নয় শতাংশের বেশি ছিল, যা এখন পর্যন্ত আমরা স্পর্শ করতে পারিনি। দেশকে উন্নত-সমৃদ্ধ করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে করলে আমরা অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন ও এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো।
তিনি বলেন, দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানির আওতায় এসেছে। নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সরকারের একটি অগ্রাধিকারমূলক খাত। সবার জন্য নিরাপদ পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
তাজুল ইসলাম বলেন, পেশাগতভাবে আমাদের ভিন্নতা থাকতে পারে কিন্তু দিন শেষে সবাই এ দেশের মানুষ। দেশটাকে নিয়ে অনেক সময় অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে এবং এখনো হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।











