spot_img

বিএনপিকে যদি কেউ ভোটই না দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন দিন: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে বলেছেন, বিএনপিকে যদি কেউ ভোটই না দেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন দিয়ে দিন। প্রধানমন্ত্রী বলেছেন- ওদের (বিএনপিকে) আবার কে ভোট দেবে? তাদের যদি কেউ ভোট না-ই দেয়, তাহলে ভোট ডাকাতি করেন কেন?

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, এ দেশ আপনারা নিজেদের মতো করে গড়ে তোলেন। দেশ যদি কেউ বদলাতে পারে, সেটা আপনারা। সারা বিশ্বও মনে করে, করোনার সংকট কাটিয়ে ওঠা সম্ভব শিক্ষকদের সহায়তায়। সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সব গবেষণা পরিচালিত হয়ে থাকে। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গবেষণা ফল নেয়। তারা গবেষণা থেকে টাকা উপার্জন করে। আর আমাদের এখানে হয় উল্টো।

তিনি বলেন, সরকার শুধু বক্তৃতা দিয়ে যাচ্ছে যে, তারা টিকা উৎপাদন করবে। কখন টিকা উৎপাদিত হবে, ভাইরাস শেষ হওয়ার পর! গবেষণা করে আমাদের যে টাকা উপার্জন হবে, তা দিয়ে পুরো শিক্ষা খাত পরিচালনা করা সম্ভব। যদি আমরা গবেষণার মাধ্যমে টিকা তৈরি করতে পারতাম, তাহলে কত টাকার বাণিজ্য আমাদের হতো। আমাদের এমন শিক্ষাব্যবস্থা চালু করতে হবে, যা জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ