সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য, মিথ্যা ও গুজবের ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুমা সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন রুমা সরকারকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার (২০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রমনা থানায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এরপর তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়।












