spot_img

সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো রাজনৈতিক চক্রান্ত: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা হচ্ছে রাজনৈতিক চক্রান্ত। দেশের মানুষের মুখে কুলুপ দেওয়ার জন্য এই রাজনৈতিক চক্রান্ত। এই সরকার সামাজিক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক দলের উদ্যোগে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে কথা বলে না। কারণ, তারা তো উন্নয়নের জোয়ারে ভাসছেন। তারা বাংলাদেশের বারোটা বাজিয়ে দিচ্ছে। সব দিক থেকে বাংলাদেশ একটি অশান্তির দেশ হিসেবে পরিণত হয়েছে।

মির্জা আব্বাস আরও বলেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বহু লোক না খেয়ে থাকে। আজ বহু লোক না খেয়ে মারা যাচ্ছে, এই কথাটি মিডিয়াতে আসে না। মিডিয়াকে কন্ট্রোল করা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার নাই।

তিনি বলেন, ভবিষ্যতে আমরা নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার হলেই এই দেশের অশান্তি থামবে। নির্বাচিত সরকার এদেশের ভালো-মন্দ দেখবে। আওয়ামী লীগকে দিয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন কখনোই সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ