বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি স্থাপন করতে হলে জনসাধারণের মধ্যে ইসলামের সঠিক আদর্শ ও অনুশাসনের ব্যাপক প্রচার-প্রসার এবং অনুশীলনের কোনও বিকল্প নেই।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ খিলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা হামিদী বলেন, আজ দুঃখজনক হলেও সত্য ইসলামী অনুশাসনের মূল উৎস পবিত্র কুরআনের অবমাননা করার মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করা হয়েছে। এ ষড়যন্ত্র শুধু ইসলামের বিরুদ্ধে নয়, দেশ ও জাতির বিরুদ্ধে।
মাওলানা হামিদী আরও বলেন, সরকারের উচিত বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে এ ঘটনার মূল হোতাদের খুঁজে বের করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তিনি কুরআন সুন্নাহর আলোকে খেলাফত পদ্ধতির শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও মহানগর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মুহিউদ্দীন, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগর যুগ্ম সাধারণ এডভোকেট মুহাম্মাদ লিটন চৌধুরী, মহানগর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।











