আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে বঙ্গোপসাগরে ফেলতে চেয়েছিলো। সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে বিএনপিই গনতন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিলো। এমনকি বিএনপি সংবিধান থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটনও করেছে।
শনিবার (৩০ অক্টোবর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
‘সরকারের পায়ের নিচে মাটি নেই’ বিএনপি নেতাদের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপি নেতারা একযুগ ধরেই দিয়ে আসছেন। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই। তাদের পায়ের নিচে মাটি থাকলে তো তারা রাজপথে নামতো, নির্বাচনেও আসতো।
ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাই তারা শিকড় থেকে বিচ্ছিন্ন এবং নির্বাচনবিমুখ। আওয়ামী লীগ পরমতসহিষ্ণু বলেই বিএনপি এখনো দেশে রাজনীতি করতে পারছে।
তিনি বলেন, জিয়াউর রহমান সেনাপ্রধান থাকাকালীন হ্যাঁ-না ভোট করে গণতন্ত্রকে হত্যা করেছিলো। গণতন্ত্র বিকাশের পথে বহু বাধা-বিপত্তি অতিক্রম করে শেখ হাসিনা গণতন্ত্রকে সঠিক পথে এনেছেন। অন্যদিকে বিএনপি তাদের অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি দিয়ে গণতন্ত্র বিকাশে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।











