বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বিএনপির সঙ্গে যারা আছি, প্রত্যেকেই সমমনা। আমরা যে রাজনৈতিক দলই করি না কেন, আমরা সমমনা। আমরা যে কোনো ধর্মের মানুষ হতে পারি, মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি। কিন্তু আমরা মানবিকতার কথা বলি। আমরা মানবিকতায় বিশ্বাস করি। সুতরাং বিএনপিই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমরা সব ধর্মের মানুষ যুগের পর যুগ মিলেমিশে একসঙ্গে বসবাস করছি। আমাদের সময়ে আমরাও পূজায় অংশ নিয়েছি। হিন্দুরা আমাদের সমাদর করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই এ সম্প্রীতি নষ্ট করেছে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর পলিসি হলো- বহির্বিশ্বকে এটা বোঝানো যে, আওয়ামী লীগই একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি করে আর বিএনপি সাম্প্রদায়িকতা উসকে দেয়। এটা আন্তর্জাতিক মহলকে বোঝানোর জন্য নানা ধরনের অসদুপায় নেয় তারা। গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালায়।










