জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রের সব অঙ্গকে অসাংবিধানিক ও অনৈতিক জালিয়াতি চক্রে আবদ্ধ করা হয়েছে। জাতিকে নৈতিকভাবে দেউলিয়া ও নির্বাচনকে পাতানো খেলায় রূপান্তর করা হয়েছে। যেভাবে ধর্মীয় সহিংসতা উসকে ও অনৈক্য সংঘাতকে প্রশ্রয় দেওয়া হচ্ছে- তাতে জাতি রাষ্ট্র সুরক্ষার প্রশ্নে জাতীয়তাবাদের পুনরুজ্জীবন জরুরি।
রোববার (৩১ অক্টোবর) দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আবদুর রব বলেন, বিদ্যমান বাংলাদেশি রাজতন্ত্রের হাত থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় শক্তির পুনরুজ্জীবন করা। এই পুনরুজ্জীবিত শক্তিই ‘জাতীয় সরকার’ গঠন করবে। এটা হবে সব সমাজশক্তির অন্তর্ভুক্তিমূলক সরকার। জাতীয় সরকার সংবিধানের চেতনাকে সমুন্নত করবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে।
তিনি বলেন, একাত্তরে স্বাধীনতা অর্জনের পর সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণকারী সব শক্তি ও দলকে নিয়ে ‘বিপ্লব জাতীয় সরকার’ গঠনের দাবি করেছিলাম। সেই দাবি প্রত্যাখ্যান করে দলীয় সরকার গঠন করায় জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে এবং বঙ্গবন্ধুকেও আমরা সুরক্ষা দিতে পারিনি।
তিনি আরও বলেন, জাতি আজ রাজনীতি, অর্থনীতি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে। এ থেকে মুক্তি আবশ্যক। টেবিলে বসে নয়, গণজাগরণের মাধ্যমে জাতীয় শক্তির পুনরুজ্জীবন করে ‘জাতীয় সরকার’ গঠন করতে হবে।











