নৌকা মার্কায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে বা মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না বলে হুঁমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহ আলম।
তিনি বলেন, যারা নৌকার বিরোধিতা করছে এবং নৌকায় ভোট দিবে না তাদের চিহ্নিত করা হয়েছে। তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।
সোমবার (১ নভেম্বর) রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় নৌকার প্রচারণার অফিস উদ্বোধনকালে জনতার উদ্দেশে তিনি এ হুঁমকি দেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থীর এ বক্তব্যের পরপরই উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
এই প্রচারণা সভা ও অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উখিয়া উপজেলার কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক।










