নারীর উন্নয়নের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোন কাজ করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, নারী উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে অন্য কোনও সরকার তা করেনি। বাংলাদেশে আরও নেত্রী আছেন, তারা নারীর উন্নয়নের জন্য কিছুই করেননি। নারীর উন্নয়নের জন্য বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়াও কোনও কাজ করেননি। তারা শুধু নিজের উন্নয়নের জন্য কাজ করেছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৗরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন,আজ থেকে ১৫-২০ বছর আগে কেউ ভাবেনি একজন নারী ডিসি-এসপি হবেন। কিন্তু আজকে বাংলাদেশের অনেক ইউএনও নারী, অনেক জেলার ডিসিও নারী। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর যে ক্ষমতায়ন হয়েছে তা অভাবনীয়।
হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন শুরু হয়েছিল ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা যখন জনগণের রায়ে প্রথম সরকারের দায়িত্বভার নিয়েছিলেন। আমাদের নেত্রী হাইকোর্টের জজ নিয়োগ দিয়েছিলেন নারী, হাইকোর্টের আপিল বিভাগের জজও নিয়োগ দেন নারীকে। এখন অনেক মন্ত্রণালয়ে নারী সচিব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, শুধু সরকারি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নয়, গ্রামে-গঞ্জে সবখানে নারীর ক্ষমতায়ন হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে এক তৃতীয়াংশ নারী সদস্য নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। সন্তান জন্মের পর আগে অভিভাবকের জায়গায় শুধু বাবার নাম লেখা হতো, এখন মায়ের নামও লেখা হয়।










