গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশ এখন ক্রান্তি লগ্ন পার করছে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার পথে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করা এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু আমরা সমাজে বৈষম্য নিরসন করতে পারি নাই।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি নাই। বরং আজকে জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি না থাকায় তারা একের পর এক দাম বৃদ্ধি করে যাচ্ছে। বিগত ৬ মাস ধরে দেশে যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এভাবে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। এর খেসারত কিন্তু জনগণকে দিতে হবে।
নুর আরও বলেন, আপনারা জানেন আজকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকেরা একটি ধর্মঘট ডেকেছে। আমরা সেই কর্মসূচিতে সংহতি জানাই। আমরা মনে করি, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেভাবে জনজীবন বিপর্যস্ত, যেভাবে মানুষ কষ্ট করছে, এই জ্বালানি তেলের দাম হঠাৎ করে লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে সেটা জনগণের ওপর আরও চাপ সৃষ্টি করবে। এই জ্বালানি বৃদ্ধির ফলে উৎপাদন থেকে পরিবহন প্রত্যেকটি ক্ষেত্রেই দ্রব্যমূল্যের দাম এবং খরচ বেড়ে যাবে।










