ভারতের ত্রিপুরায় গরু চুরির সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ নভেম্বর) ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত কমল নগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শনিবার এক প্রতিবেদনে জানায় এনডিটিভি।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে তিনজন গরু চোরাকারবারী ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। এরপর ত্রিপুরায় একটি বাড়িতে তারা গরু চুরি করতে গেলে মালিক প্রতিবেশীদের সহায়তায় তাদের ধরে ফেলেন।
এ সময় সন্দেহভাজন তিনজনের মধ্যে দুইজন পালাতে সক্ষম হলেও একজন পালাতে পারেনি। এরপর স্থানীয়দের একটি দল তাকে পিটিয়ে হত্যা করে বলে পুলিশের একটি সূত্র জানায়।
শনিবার সকালে নিহতের পকেটে পুলিশ একটি মোবাইল ফোন ও বাংলাদেশি টাকা পায়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।










