দেশে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে গণপরিবহন খাতে হঠাৎ করে ধর্মঘটের ডাক দেওয়ার পরপরই দেশের দক্ষিণাঞ্চলের বরগুনায় প্রায় দুই হাজার মাছ ধরার ট্রলার সাগরে যাওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী বরাবর কয়েক দফা দাবি উল্লেখ করে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় ‘ডিজেলের দাম কমাতে হবে, মৎস্য সেক্টর রক্ষা করতে হবে’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করা হয়।
পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন করেছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়ৎদার সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি ও বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নসহ মৎস্য সেক্টরের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে ৩ দফা দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।











