কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, যেসব ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষকে ধর্মের নামে হত্যা করেছিল, ২ লাখ মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে ইজ্জত হরণ করেছিল, তারা এখনও সক্রিয়। এরাই এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, পূজামণ্ডপে আঘাত করে। এরাই এখনও মেয়েদেরকে পড়াশুনা করতে দিতে চায় না, নারীদের অগ্রগতিতে বাধা দেয়। এদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে।
রবিবার (৭ নভেম্বর) ঢাকার টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও ধর্মান্ধতা রুখতে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। তোমরা সম্ভাবনাময় আগামী প্রজন্ম। তোমরাই জঙ্গিবাদ ও ধর্মান্ধতা মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।










