চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ছয়জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৭৫ জনে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে পাঁচজন নগরের এবং একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











