স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করেছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
বুধবার (১০ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে ‘আন্তঃধর্মীয়’ সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হতে পারে, তারই একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক হামলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, উপ-সচিব ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহী, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।










