সাম্প্রদায়িক হামলার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর পদত্যাগ দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ কয়েকটি সংগঠন।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মিছিল ও সমাবেশ থেকে ওই সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, মন্দিরে হামলার ঘটনায় সরকারপ্রধান আমাদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন এর বিচার হবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা বিবৃতি কীভাবে দিলেন। তিনি বাংলাদেশকে বিশ্বের সামনে ছোট করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।
তারা বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে কোনো অপরাধীকে এখনো বিচারের আওতায় আনা হয়নি। বাংলাদেশে কোনো হামলার ঘটনা ঘটেনি। পররাষ্ট্রমন্ত্রী এ মিথ্যাচার জাতিকে লজ্জা দিয়েছে। আমরা আশা করি, অবিলম্বে তিনি পদত্যাগ করে এ লজ্জা থেকে দেশকে মুক্ত করবেন।
বক্তারা বলেন, আমাদের দেশের মন্দিরে যখন হামলা হয়, যখন সারাদেশে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। বিষয়টি ভারত পর্যন্ত গড়িয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশে কিছুই হয়নি। তিন শতাধিক মন্দির ও সাত শতাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। আমরা আপনার এ বক্তব্য প্রত্যাখ্যান করছি। আপনাকেও এ বক্তব্য প্রত্যাহার করতে হবে।











