spot_img

আজ দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির কারণে মানুষের পেটে ভাত যায় না: নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আজকে বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে মানুষের পেটে ভাত যায় না। মানুষ তাদের সন্তানকে একটা ডিম, দুধ কিংবা পোল্ট্রি মুরগির মাংস পর্যন্ত খাওয়াতে পারছে না। মানুষের মনে আগুন কিন্তু সরকারের মনে ফাগুন। কারণ মানুষ খেতে পারছে না, ভিন্নমতের কারণে ঘরে ঘুমাতে পারছে না, আর তারা আনন্দে বিদেশ ভ্রমণ করছেন।

শুক্রবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাসের বর্ধিত মূল্য ও গণপরিবহনের বর্ধিত ভাড়া কমানোসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব বলেন।

নুরুল হক নুর বলেন, সরকার গত ১২ বছরে ১২ বার তেলের, ১৪ বার পানির এবং ৯ বার গ্যাসের দাম বাড়িয়েছে। কিন্তু আমরা সংগঠিত না থাকার ফলে সবকিছু আমাদের ওপরে চেপে বসেছে। কাজেই গণঅধিকার পরিষদ যে তিন দফা দাবিতে রাস্তায় নেমেছে সেই দাবি এদেশের সকলের। এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনে গণঅধিকার পরিষদ সার্বক্ষণিক প্রস্তুত আছে এবং দাবি না মানা হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

গণঅধিকার পরিষদের তিনটি দাবি হলো-১. তেল-গ্যাসের বর্ধিত মূল্য ও গণপরিবহনের বর্ধিত ভাড়া কমানো। ২. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা। ৩. নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ