শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, বর্তমানে সন্ত্রাসী ও চাঁদাবাজরা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন। নির্বাচনে মনোনয়ন দেওয়ার আগে নানা বাহিনীর রিপোর্ট নেওয়া হয়, তবে কেন সন্ত্রাসীরা মনোনয়ন পাবেন? সেটি বন্ধ করা গেলে কিশোর গ্যাং বন্ধ হবে।
শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর মনিপুরে কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতামূলক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামাল আহমেদ মজুমদার বলেন, সমাজের সন্ত্রাসীদের খুঁজে বের করতে হবে। দেশে যত প্রযুক্তি ঢুকছে, দেশের তত ক্ষতি হচ্ছে। এর অপব্যবহার রোধ করা না গেলে কিশোর-যুবসমাজকে ধ্বংস থেকে ফিরিয়ে আনা যাবে না। এজন্য শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা অন্যায় করলে তাদের শাসন করতে হবে। সেই অধিকার শিক্ষকদের রয়েছে। সে কারণে শাসন করার অধিকার শিক্ষকদের দেওয়া উচিত। নতুবা শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ালেও শিক্ষকদের কিছু করার থাকে না।










