spot_img

নির্বাচনে প্রতিজন নাগরিক হত্যার দায় সরকার এবং কমিশনকে নিতে হবে: আ স ম আবদুর রব

নির্বাচনী সহিংসতায় প্রতিজন নাগরিক হত্যার দায় সরকার এবং নির্বাচন কমিশনকে বহন করতে হবে বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনী নাটকের নামে নির্বাচনী সহিংসতায় ৩৯ জনের প্রাণহানি প্রজাতন্ত্রের জন্য খুবই ভয়ঙ্কর ও মর্মান্তিক। এসবই শাসক দলের অন্তঃকোন্দল ও গণতন্ত্র বিহীন হিংস্র রাজনীতির কুফল। প্রতিজন নাগরিক হত্যার দায় সরকার এবং নির্বাচন কমিশনকে বহন করতে হবে।

শনিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, নাগরিকের জীবন সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। নির্বাচনী প্রহসনে দিনের পর দিন প্রজাতন্ত্রের নাগরিক হত্যার পরও সরকার এবং ইসি তথাকথিত ‘উৎসবমুখর’ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে আত্মতৃপ্তি ঘোষণা করবে তা কোনক্রমেই গ্রহণীয় হতে পারে না। নাগরিক সুরক্ষায় সরকারের ব্যর্থতা ক্ষমার অযোগ্য অপরাধ।

তিনি বলেন, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ, গুলি, ককটেল বিস্ফোরণ, বিদ্রোহী প্রার্থীদের নমিনেশন সাবমিট করতে না দেওয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ চরমভাবে ধ্বংস হওয়ার পরও সরকার দলীয় প্রার্থীদের বিজয় দেখানের জন্য ‘নির্বাচনী আয়োজন’ জাতির কাছে তামাশায় পরিণত হয়েছে। প্রতিটি নির্বাচন রক্তের হলি খেলায় রূপান্তর লাভ করছে কিন্তু সরকার কোন দায় দায়িত্ব গ্রহণ করছে না। প্রজাতন্ত্রের নাগরিক হত্যা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় অরাজকতা ও সংঘাত এবং জিঘাংসার সংস্কৃতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

আ স ম আবদুর রব বলেন, সরকারকে অতিসত্বর মানুষ হত্যা এবং ভোটারবিহীন নির্বাচনের নাটক বন্ধ করতে হবে। সর্বাগ্রে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই সকল নির্বাচনের আয়োজন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ