ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আওয়ামী লীগের জনসমর্থন এখন তলানীতে। সরকার নির্বাচনকে ভয় পায়। সরকার উন্নয়নের কথা বলে, উন্নয়নের কারণে জনগণের আহাজারি শুনতে পায় না। সরকারের উন্নয়ন হয়েছে কিভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া যায়। গভীর রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার উন্নয়ন।
শনিবার (১৩ নভেম্বর) বাদ যোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে জনগণের দুঃখ দুর্দশার অন্ত নেই। দেশের মেহনতি ও খেটে খাওয়া মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। জনগণের সাথে সরকারের কোন সম্পর্ক নেই। ফলে জনগণের কষ্ট তাদের কিছু যায় আসে না।
ইসলামী আন্দোলনের মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, আপনি মাস্তান শুমারী, দুর্নীতিবাজদের শুমারী এবং ইসলামবিদ্বেষীদের শুমারী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় জনগণের রুদ্ররোষে করুণ পরিণতি বরণ করতে হবে।
বরিশালের বাকেরগঞ্জে ইমামের হাতকাটার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, দক্ষিণ সহ-সভাপতি আনোয়ার হোসেন, উত্তর সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইলিয়াস হাসান, নূরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ।










