চারিদিকে সরকারের পতনের ঘণ্টা বাজছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
তিনি বলেন, বাংলাদেশে জনগণ কিন্তু কখনোই কোনও স্বৈরশাসককে বেশিদিন টলারেট করেনি। এই সরকারের পতনের ঘণ্টাও বাজছে চারিদিকে।
রবিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তি দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে `জোর করে‘ বন্দি করে রাখা হয়েছে দাবি করে রিজভী বলেন, গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ? দেশনেত্রীকে আপনি তিলে তিলে নিঃশেষ করতে চান?
তিনি বলেন, আমরা সকল ছাত্র ও বিএনপি নেতৃবৃন্দের মুক্তি চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। এই মুহূর্তে জন্য আপনাদের শপথ নিতে হবে, শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে।










