spot_img

আমেরিকার গণতন্ত্রও হুমকির সম্মুখীন: ড. হাছান মাহমুদ

আমেরিকার গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আমেরিকাকে ইঙ্গিত করে তিনি বলেছেন, যাদের দেশে নির্বাচনের ফলাফলকে ভণ্ডুল করার জন্য সংসদে হামলা হয়, সেখানে ঘেরাও করে পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনকে হত্যা করা হয়, তাদের স্পিকারের চেয়ারে বসে ছবি তোলা হয়। যে দেশে এই ধরনের ঘটনায় গণতন্ত্র হুমকির সম্মুখীন, তারা অন্য দেশকে গণতন্ত্রের ছবক দেওয়ার অধিকার রাখে কি-না, প্রশ্ন রয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমেরিকায় কয় দিন আগে গণতন্ত্র সম্মেলন হয়েছিল, সেখানে পাকিস্তানসহ অনেককে দাওয়াত করা হলো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে যেভাবে হামলা ও কয়েকজনকে হত্যা করা হয়েছিল এমন ঘটনা কখনও বাংলাদেশে হয়নি।

তিনি বলেন, আমেরিকা আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সঙ্গে আমাদের সহযোগিতা রয়েছে। তাই আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবো, যারা এদেশের স্বাধীনতা চায়নি, এ দেশের উন্নয়ন সমৃদ্ধি নিয়ে ঈর্ষান্বিত তাদের কথায় যেন তারা প্রভাবিত ও বিভ্রান্ত না হয়। সেটিই থাকবে স্বাধীনতার ৫০ বছরে এসে মুজিববর্ষে আমাদের প্রত্যাশা।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও জঙ্গি ও সন্ত্রাস দমনে সফলতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ র‍্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে তাদের কয়েকজনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, এটি আসলে জঙ্গি ও সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে, উৎসাহিত করছে। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। এই অগ্রগতি অনেকের পছন্দ হয় না। আজকে বাংলাদেশ একটি গর্বিত দেশ, স্বাধীনতার পঞ্চাশতম বর্ষে বঙ্গবন্ধুর দেশ রচনা ও শেখ হাসিনার সার্থকতা সেখানে। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ