spot_img

নেতা-কর্মীদের ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গেলেন বিএনপি মহাসচিব

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছেন

বিএনপির কতিপয় নেতা-কর্মী নিজেদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্মৃতিসৌধে ফুলের টব ভাঙচুর করেন তারা। ধাক্কাধাক্কির এক পর্যায়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে পড়ে যেতেও দেখা যায়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা স্মৃতিসৌধে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রদ্ধা নিবেদন শেষ হলেও মূল বেদীর সামনে বাম দিকে ঢাকা জেলা বিএনপি ও ডান দিকে অবস্থান করছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা। এসময় তাঁরা বেদীর সামনে অবস্থান নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া’র মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্লোগান দিতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, স্মৃতিসৌধে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের সরে যেতে হুইসেল বাজালে তারা করতালি দিয়ে আরও জোরে স্লোগান দিতে থাকেন। এসময় মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতারা পেছনেই অপেক্ষা করছিলেন। এরও প্রায় আধা ঘণ্টা পর সিএসএফ সদস্যরা নেতা-কর্মীদের সরে যেতে বলেন। এসময় বিএনপি’র নেতা-কর্মীদের নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করতে দেখা যায়। এই হট্টগোলের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নেতা-কর্মীদের ধাক্কায় মাটিতে পড়ে যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ